সিসি ক্যামেরা বসানোয় নারীকে ‘পুলিশের সোর্স’ সন্দেহ, হত্যার হুমকির অভিযোগ

ঝালকাঠি পৌরসভার পালবাড়ি রোড এলাকায় বাসার সামনে মাদকসেবীদের আড্ডা ও হট্টগোলের প্রতিবাদ করায় এক নারী ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের নিরাপত্তার জন্য বাসা ও বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন করায় ওই নারীকে পুলিশের ‘সোর্স’ সন্দেহ করে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোছা. কামরুন নেহার। জিডিতে গৌতম পাটিকর (৪৫) ও তার স্ত্রী শিপ্রা রানী দাসসহ (৪০) কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার আনোয়ারুল ইসলাম।
জিডি সূত্রে জানা যায়, কামরুন নেহারের বাসার সামনে দীর্ঘদিন ধরে কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আড্ডা দিয়ে আসছিলেন। এ সময় তারা বিভিন্ন ধরনের হট্টগোল ও অসামাজিক কর্মকাণ্ড করতেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে কামরুন নেহার নিজের বাসা ও বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন করেন। অভিযোগে বলা হয়, সিসি ক্যামেরা স্থাপনের পর গৌতম পাটিকর ও তার স্ত্রী শিপ্রা রানী দাসসহ কয়েকজন তাকে পুলিশের সোর্স হিসেবে সন্দেহ করতে শুরু করেন। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর রাতে একটি মোবাইল নম্বর থেকে কামরুন নেহারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ফোনে হুমকি দেওয়ার সময় তাকে ‘পুলিশকে তাদের বিষয়ে জানানো’ নিয়ে প্রশ্ন করা হয়। এমনকি তাকে দেখে নেওয়া হবে এবং তার বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন কামরুন নেহার। এ ঘটনায় আতঙ্কিত হয়ে কামরুন নেহার ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উপপরিদর্শক (এসআই) হাসিবুল হাসান তুষারকে নির্দেশ দিয়েছেন।
