বগুড়া সিটি করপোরেশন ঘোষণা হতে পারে ২০ এপ্রিল

চলতি মাসে বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা দেওয়া হতে পারে। ইতোমধ্যে বিষয়টি ক্ষমতাসীন দল বিএনপির অফিসিয়িাল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে।
বগুড়া থেকে নির্বাচিত বিএনপির একাধিক সংসদ সদস্য এশিয়া পোস্টকে জানান, আগামী ২০ এপ্রিল এই জেলা সফর করবেন প্রধানমন্ত্রী। তার এই সফরে বগুড়া সিটি করপোরেশনের ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি নিজেই আগামী ২০ এপ্রিল বগুড়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সফরের সময় প্রধানমন্ত্রী তার বাবা জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জিয়াবাড়ি পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি এখনও হাতে পাওয়া যায়নি। আশা করা যায়– বগুড়ার জন্য বড় কোনো ঘোষণা আসতে পারে।
রোববার (১২ এপ্রিল) বিএনপির অফিসিয়িাল ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ বিষয়ে সোমবার পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি জেলা প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, ২০১০ সালের বিধিমালার প্রায় সব শর্ত পূরণ করেছে বগুড়া পৌরসভা। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী স্থায়ী জনসংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০০ হলেও বাস্তবে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। প্রতি বর্গকিলোমিটারে জনঘনত্ব ৬ হাজারের বেশি।
অর্থনৈতিক দিক থেকেও শক্ত অবস্থানে রয়েছে বগুড়া। পৌরসভার বার্ষিক আয় প্রায় ৬০ কোটি টাকা এবং প্রায় ২০ হাজার শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। চূড়ান্ত ঘোষণা এলে বগুড়া হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।
সম্প্রতি প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সূচিতে সিটি করপোরেশন ঘোষণার বিষয়টি রয়েছে।
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন এশিয়া পোস্টকে বলেন, ‘প্রটোকল অফিসার-১ উজ্জল হোসেনের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচি হাতে পেয়েছি। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।’
বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান বলেন, ‘২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরের বিষয়টি তার কার্যালয় থেকে নিশ্চিত করা হলেও সিটি করপোরেশন উদ্বোধনের বিষয়টি এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি জানায়নি।’