গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, সড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ফেরদাউস মিয়া নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা অন্তত আট যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর তারা সড়ক ছাড়েন।
স্থানীয়রা জানায়, গাইবান্ধা শহর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। মাঠের বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা অরিন ট্রাভেল নামের একটি যাত্রীবাহী বাস রিকশাটিতে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাদের মধ্যে অটোচালক ফেরদাউস মিয়াকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র কামরুল ইসলাম জানান, এমন দুর্ঘটনা মেনে নেওয়ার মতো নয়। আমরা এ ঘটনার বিচার চাই।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার শিকার যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিলে তাদের বিচারের আশ্বাস দিয়ে সরিয়ে দেওয়া হয়।
