গোপালগঞ্জে গৃহবধূকে আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে আট দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা জানিয়ে নাজমুল হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই গৃহবধূ।
রোববার (৩০ আগস্ট) কোটালীপাড়া থানায় মামলাটি করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট ওই গৃহবধূ উপজেলার কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামে স্বামীর বাড়ি থেকে ধারাবাশাইল গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে নাজমুল হাওলাদার কয়েকজনের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যান। বাজারসংলগ্ন একটি বাড়িতে তাকে আটকে রেখে আট দিন ধরে ধর্ষণ করা হয়
পুলিশ জানায়, বিষয়টি জানতে পেরে মামলা হওয়ার আগের দিন ২৯ আগস্ট সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ওই গৃহবধূ মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



