logo

মায়ের দুদিন পর বাবাকে হারালেন দুই ভাই, ফের হাতকড়া পরে জানাজায়

মায়ের দুদিন পর বাবাকে হারালেন দুই ভাই, ফের হাতকড়া পরে জানাজায়

কক্সবাজারের রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নেওয়ার দুদিন পরই বাবাকেও হারালেন আওয়ামী লীগ কর্মী দুই ভাই। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তাদের বাবা নুর আহমদ (৯০) মারা যান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্যারোলে মুক্তি পেয়ে আবারও হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নেন তারা।

দুই ভাই হলেন—উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের নূর আহমদের ছেলে ফরিদুল আলম ও মো. ইসমাইল। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। উভয়েই দীর্ঘদিন ধরে কক্সবাজার কারাগারে বন্দি আছেন।

এর আগে গত শুক্রবার তাদের মা মোস্তফা বেগম (৮০) মারা যান। পরদিন শনিবার (২১ ফেব্রুয়ারি) পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নেন তারা। দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

মায়ের মতো বাবার জানাজাও একই স্থানে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জোহরের নামাজের পর পুলিশি পাহারায় কারাগার থেকে এনে তাদের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। জানাজা শেষে পুনরায় তাদের কারাগারে পাঠানো হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের প্যারোলে মুক্তি দেন। পরে পুলিশি পাহারায় মঙ্গলবার দুপুরে তাদের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। জানাজা শেষে আবার কারাগারে নেওয়া হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় দুই ভাইকে আটক করে কারাগারে পাঠানো হয়। সে মামলায় জামিন হওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির একটি মামলায় ফের গ্রেপ্তার দেখানো হয়। সেটার জামিন হলে রামুর মাহিন চৌধুরী নামে একজনের মামলায় আবারও গ্রেপ্তার হন দুই ভাই। এরপর আড়াই মাস ধরে তারা কারাগারে রয়েছেন।

ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম বলেন, ‘আমার স্বামী নির্দোষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। অহেতুক মামলায় জড়িয়ে তাদের জেল খাটানো হচ্ছে। মা ও বাবা দুজনই মারা গেলেন, অথচ সন্তান হিসেবে শেষ সেবাটুকুও করতে পারলেন না।’