logo
Advertisement

বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরিকৃত ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, একটি প্রাইভেট কার এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

Advertisement

শুক্রবার (৭ আগস্ট) সকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন—মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান (চাষিরি) থানার মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু থানার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়া গ্রামের মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), একই গ্রামের মিজানুরের ছেলে সবুজ সেখ (৩৭) এবং আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।

থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর দক্ষিণ মাঠে কৃষক আবু জাফর বিশ্বাস (৪৮) তার সেচ পাম্পের খুঁটির নিচে তিনটি ট্রান্সফরমারের খালি চেম্বার পড়ে থাকতে দেখেন। পরীক্ষা করে দেখা যায়, ট্রান্সফরমার থেকে মোট ৩০ কেজি তামার কয়েল ও ভেতরের তেল চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। একই দিনে একই মাঠের সেচ পাম্প ম্যানেজার আনারুল ইসলামেরও একটি ট্রান্সফরমার একইভাবে চুরি হয়।

পরবর্তীকালে আবু জাফর বিশ্বাস বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা করেন। চুরির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় চুরি যাওয়া তামা ও অন্যান্য যন্ত্রাংশ।

জীবননগর থানার ওসি সোলায়মান সেখ জানান, গ্রেপ্তার চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।