logo
Advertisement

রাতে নিখোঁজ, সকালে মিলল কিশোরীর মরদেহ

এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
রাতে নিখোঁজ, সকালে মিলল কিশোরীর মরদেহ
সেচপাম্পের ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচপাম্পের ঘর থেকে রুপসী আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) সকালে চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি কৃষিজমির পাশে আব্দুল হান্নানের মোটরচালিত সেচপাম্পের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুপসী আক্তার উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে এক কৃষক জমিতে সার প্রয়োগ করতে গিয়ে সেচপাম্পের ঘরের ভেতরে রুপসীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা ছাইর উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

ছাইর উদ্দিন বলেন, অনেক খোঁজাখুঁজি করেছি। ভেবেছিলাম হয়তো অভিমান করে কোনো আত্মীয়ের বাড়িতে গেছে। সকালে খবর পেলাম আমার মেয়ের মরদেহ সেচপাম্পের ঘরে পাওয়া গেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।