স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে শিশুসন্তানকে হত্যা, বাবা ও সৎমা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে মো. লাবিব নামে তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার বাবা ও সৎমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাবিবের বাবা মো. সোহাগ মিয়া ও সৎমা জাকিয়া আক্তার। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে কলহের জেরে শিশুটির মা ও সোহাগের দ্বিতীয় স্ত্রী লামিয়া আক্তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। সন্তানের সঙ্গে সোহাগকে দেখাও করতে দিতেন না। লামিয়াকে কষ্ট দিতে রাগে-ক্ষোভে সন্তানকে হত্যার পরিকল্পনা করেন সোহাগ। সে অনুযায়ী বুধবার বিকেলে ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যান। কিন্তু বাড়িতে না নিয়ে সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নে রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকায় নিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রেখে চলে যান।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় বুধবার রাতেই নিহত শিশুর মা লামিয়া আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাত ৩টার দিকে গফরগাঁও থেকে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। হত্যার প্ররোচনা, সহযোগিতা ও আশ্রয়ের দায়ে সোহাগ মিয়ার প্রথম স্ত্রী জাকিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।
আবদুল্লাহ আল মামুন বলেন, শিশুকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়। আজ দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।