ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চৌধুরী রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রুবেল সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ড্রাম ট্রাকের চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা গেছে। রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বেপরোয়া গতির ড্রাম ট্রাক আর কত প্রাণ কাড়বে?
এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
.png)





