Advertisement

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে ৬ জন। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা বর্ডার আউটপোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। এ সময় সামন্তা বিওপির টহল দল বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে বাধা দেয়। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি এবং পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ওই ৬ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমন্ত বিওপির টহল দলের দ্রুত ও দায়িত্বশীল তৎপরতার কারণে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতিমধ্যে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

বিষয় :ঝিনাইদহ