ভিক্ষা করে চলতেন অসুস্থ নারী, অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণ

রাঙামাটির লংগদু উপজেলায় মানসিক ও শারীরিকভাবে অসুস্থ এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল (৩০) ও নাছির (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাকে ধারালো অস্ত্রের মুখে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে নিয়ে ইসমাইলের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরে ঘরের দরজা খুলে ভেতর থেকে ওই নারীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে আটক করে বাইট্টাপাড়া বাজারে নেওয়া হয়। খবর পেয়ে লংগদু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত দুজনকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে পাঠানো হবে।
.png)


