নানার বাড়িতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় নানার বাড়ির বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খামারপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে আল-আমিন (১২) ও মাহিন (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খামারপাশা গ্রামে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়ির বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল আল-আমিন ও মাহিন।
বিকেলে বাড়ির পাশে খালের পাড়ে পানিতে নেমে গোসল করছিল দুই ভাই। একপর্যায়ে খালের গভীরে গেলে দুই ভাই পানিতে তলিয়ে যায়। পরে পরিবার ও স্বজনরা খোঁজাখুঁজির করে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
