বন্যার্তদের পাশে বিজিবি, সীমান্ত এলাকায় ত্রাণ বিতরণ

এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
বন্যার্তদের পাশে বিজিবি, সীমান্ত এলাকায় ত্রাণ বিতরণ
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার বন্যার্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বিজির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে বিজিবির পক্ষ থেকে প্রাথমিক ধাপে ক্ষতিগ্রস্ত ৬০টি প্রান্তিক ও অসহায় পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়, যাতে তারা দুর্যোগকালীন এই কঠিন সময়ে ন্যূনতম খাদ্য নিরাপত্তা বজায় রাখতে পারে। ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় ক্ষতিগ্রস্ত দেশের নাগরিক ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।