২০২৫ সালের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: এবার অধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি

নীলফামারীর কিশোরগঞ্জে ২০২৫ সালের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় এবার কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড।
সোমবার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি ইতিহাস প্রথম পত্রের পরীক্ষায় কেন্দ্রটিতে ভুলবশত ২০২৬ সালের পরীক্ষার্থীদের মাঝে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষার্থীরা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ওই প্রশ্নপত্রেই পরীক্ষা দেন। পরে বিষয়টি নজরে এলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করে অতিরিক্ত সময় বাড়িয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান কেন্দ্রে দায়িত্বরত ট্যাগ কর্মকর্তা ফিরোজুল আলমকে অব্যাহতি দেন এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি গত মঙ্গলবার তাদের প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এবার কেন্দ্র সচিব বাদশা আলমগীরকে অব্যাহতি দেওয়া হলো।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় অধ্যক্ষ বাদশা আলমগীরকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে ওই প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষ শহিদুল ইসলামকে কেন্দ্র সচিবের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
.png)






