গাজীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, আরও ১৫০ কারখানায় ছুটি

গাজীপুরে পোশাক শ্রমিক আন্দোলনের ফলে নতুন করে ১৫০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকাল ১০০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা অবস্থান করে বিক্ষোভ করছেন। বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করায় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ নিদের্শ দেয় কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চত করছেন। ইতোমধ্যে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এদিকে সোমবার সকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দেড় হাজারের মতো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এখন পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা রোববার পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও শ্রমিকেরা আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।