logo

নির্বাচনের আগমুহূর্তে বিএনপির আট নেতাকে বহিষ্কার

নির্বাচনের আগমুহূর্তে বিএনপির আট নেতাকে বহিষ্কার

নির্বাচনের শেষ সময়ে এসে বরিশালের গৌরনদী উপজেলা ও ইউনিয়ন বিএনপির পাঁচজন এবং আগৈলঝাড়া উপজেলার তিন বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি। সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদের সবাইকে স্ব-স্ব পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান এশিয়া পোস্টকে বলেন, বহিষ্কারের নোটিশ ইতোমধ্যে প্রত্যেকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশীর আহম্মেদ পান্না এশিয়া পোস্টকে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন— গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত তোতা, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আউয়াল লোকমান, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, যুগ্ম আহ্বায়ক আনোয়ার সরদার ও বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকতার হোসেন বাবুল।

এর আগের দিন আগৈলঝাড়া উপজেলা বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহাবুবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাশেদুল ইসলাম টিটন এবং গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিম। 

উল্লেখ্য, বহিষ্কৃত ওই আট নেতা চলমান ত্রয়োদশ জাতীয় নির্বাচনি প্রক্রিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয় না থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য ও বরিশাল-১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষে কাজ করছেন। 

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকতার হোসেন বাবুল এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি আমি এখনও জানি না। তবে বহিষ্কার করলেও ভোটের মাঠে এর কোনো প্রভাব ফেলবে না।