সাধারণ জ্বর ভেবে ওষুধ, ডেঙ্গুতে প্রাণ গেল ১৯ বছরের যুবকের

শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরাত মৃধা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার সময় তার হিমোগ্লোবিনের মাত্রা ৪ দশমিক ৮ গ্রাম/ডেসিলিটার ছিল বলে জানিয়েছেন চিকিৎসক।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বরাত মৃধা শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের মডেরহাট এলাকার রুবেল মৃধার ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে বরাতের জ্বর শুরু হয়। পরিবারের সদস্যরা প্রথমে এটিকে সাধারণ জ্বর মনে করে স্থানীয় একটি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে তাকে খাওয়ান। রোববার ভোরে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
বরাতের খালা বলেন, চার-পাঁচ দিন ধরে তার জ্বর ছিল। প্রথমে সাধারণ জ্বর মনে করে ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। রোববার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর চিকিৎসকেরা শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়ার কথা জানিয়ে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত আসপিয়া এলিজা বলেন, হাসপাতালে আনার সময় রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তার হিমোগ্লোবিনের মাত্রা ছিল ৪ দশমিক ৮ গ্রাম/ডেসিলিটার এবং তীব্র শ্বাসকষ্ট ছিল। তাকে আইসিইউ সুবিধাসম্পন্ন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অন্য হাসপাতালে নেওয়ার আগেই দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
