সিলেটে প্রধানমন্ত্রীর সফরে উন্নয়নের বাস্তব চিত্র স্পষ্ট হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্রধানমন্ত্রীর সফরে উন্নয়নের একটি সামগ্রিক চিত্র সবার সামনে স্পষ্ট হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
তিনি বলেছেন, নির্বাচনের সময় যেসব পরিকল্পনার কথা বলা হয়েছিল, সেই পরিকল্পনার আলোকে সিলেটে বাস্তব উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, আগামীকাল (শনিবার) প্রধানমন্ত্রীর সফর এই কারণে এত প্রত্যাশিত–দীর্ঘদিন পছন্দের সরকারের জন্য মানুষ নির্যাতিত হয়েছে, অনেকে গুম-খুনের শিকার হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন সিলেটের জন্য অত্যন্ত আবেগের।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছে। সেই প্রত্যাশা ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের কার্যক্রমে। আগামীকাল প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি-দাওয়া ও প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রধানমন্ত্রী আগামীকাল তার ভাষণে তুলে ধরবেন।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।