কুমিল্লায় সড়ক অবরোধ প্রত্যাহারের পর ফাঁকা রাস্তা

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের দেড় ঘণ্টা পর ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা প্রত্যাহার করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা প্রত্যাহার করে।
জানা গেছে, শ্রমিকরা প্রথমে ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে অবস্থান নেন। পরে সড়কে বসে অবরোধ শুরু করলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলোচনার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
শ্রমিক নেতা ওয়াহিদ বলেন, আমরা এখন অবরোধ প্রত্যাহার করে ইপিজেডে ফিরে যাচ্ছি। যেহেতু প্রশাসন আশ্বস্ত করেছে আমাদের দাবি-দাওয়া মেনে নেবে। যদি না মানে তাহলে আবারও আমরা মহাসড়ক অবরোধ করব।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, মালিক-শ্রমিক ও ইপিজেড কর্তৃপক্ষরা কথা বলে বেতনের বিষয়সহ অন্যান্য সমস্যাগুলো সমাধান করবে বলে অবরোধ প্রত্যাহার করে।