Advertisement

ক্লাস শেষে লিফটে আটকা মা-মেয়ে, উদ্ধার করল ফায়ার সার্ভিস

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
ক্লাস শেষে লিফটে আটকা মা-মেয়ে, উদ্ধার করল ফায়ার সার্ভিস
লিফটে আটকা মা-মেয়ে উদ্ধার করল ফায়ার সার্ভিস। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০তলা ভবনের নবম তলায় লিফটে আটকা পড়া এক মা ও তার দুই বছরের শিশুসন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (২২ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে দ্রুততম সময়ে তাদের নিরাপদে বের করে নিয়ে আসেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার মিম (২৪) ও তার দুই বছরের শিশুকন্যা মরিয়ম হাসনাইন আরিফা।

স্থানীয় ও কলেজ সূত্রে জানা গেছে, ক্লাস শেষে শিশুটিকে নিয়ে নিচে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি হঠাৎ নবম তলায় আটকে যায়। প্রাথমিক পর্যায়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দ্রুততম ও পেশাদার পদক্ষেপে বড় কোনো অঘটন ছাড়াই দুজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে মা ও শিশু উভয়েই শঙ্কামুক্ত ও সুস্থ আছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ১৪ মিনিটে কলেজ ভবনের একটি লিফটে মা ও শিশু আটকে পড়ার সংবাদ পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর পর স্বল্প সময়ের মধ্যে লিফটের দরজা খুলে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।