logo

পিরোজপুর ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি ঢাকায় গ্রেপ্তার

পিরোজপুর ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি ঢাকায় গ্রেপ্তার
গ্রেপ্তার অনিরুজ্জামান অনিক। ছবি : পুলিশের সৌজন্যে

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ভাটারা থানা এলাকা থেকে অনিককে গ্রেপ্তার করা হয়।

অনিক পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার বাসিন্দা মো. আকতারুজ্জামান ফুলু ও শিরিন আক্তারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্ব পালন করছিল পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে কুড়িল বিশ্বরোডের দিকে আসছেন। পুলিশের অভিযোগ, তারা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।

খবর পেয়ে দুপুর ১টা ১০ মিনিটের দিকে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এর আগে দুপুর ১টা ৫ মিনিটের দিকে কয়েকজন সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ভাটারা থানা এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অনিরুজ্জামান অনিককে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা গেছে।

আদালতে দেওয়া রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামির সঠিক নাম-ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে অনিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ভাটারা থানার এসআই আব্দুল কাদের বলেন, গ্রেপ্তার অনিরুজ্জামান অনিকের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল পেট্রোল রেকর্ড) যাচাই করে তার বিরুদ্ধে মোট নয়টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঢাকায় আটক অনিকের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।