কাশিমপুর কারাগার থেকে পালালেন নারী আসামি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামি রিম্পা (২১) মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি ছিলেন।
কারাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকেই রিম্পাকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের অভ্যন্তরে বহুবার তল্লাশি চালিয়েও তাকে শনাক্ত করতে পারেননি।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কারাগারের জেলর শিরিন আক্তার বলেন, আমরা এই মুহূর্তে বিষয়টি নিয়ে ব্যস্ত আছি। পরবর্তীতে আপনার সঙ্গে কথা বলব।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে কারাগার থেকে এক বন্দি পালানোর ঘটনা ঘটেছে। এ বিষয়ে আজ শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
.png)





