logo

জামালপুরে অটোরিকশা থেকে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

জামালপুরে অটোরিকশা থেকে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশা থেকে অবৈধ ১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধারের পর প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতি। ছবি : এশিয়া পোস্ট

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে সারগুলো জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বকশীগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অটোরিকশায় তল্লাশি চালায় উপজেলা প্রশাসন। এ সময় গাড়িটি থেকে ১৫ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। সারের উৎস ও পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চাইলে অটোরিকশাচালক মো. মিল্লাত হোসেন কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি।

পরে তিনি জানান, যাত্রী নিয়ে পাশের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় যাওয়ার পর তাহের নামে এক সার ব্যবসায়ী এসব সার বকশীগঞ্জের গোপালপুর বাজারে পৌঁছে দেওয়ার জন্য তাকে ভাড়া করেন। এ কাজের জন্য তাকে ৭০০ টাকা দেওয়ার কথা ছিল। এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনার নেতৃত্বে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। জব্দ করা সার বর্তমানে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, যেহেতু সারগুলো অবৈধভাবে বকশীগঞ্জে আনা হয়েছে, তাই এগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।