logo

গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিলু মুন্সী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। 

নিহত নিলু মুন্সী কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। সংঘর্ষে নিলু মুন্সীর স্ত্রী রুপা বেগম, ভাই মিলন মুন্সী ও দুলাল মুন্সীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আনোয়ার মুন্সী ও নূর ইসলামের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সোমবার এই দ্বন্দ্ব তীব্র আকার নেয়। প্রথমে আনোয়ার মুন্সীর ছেলে এবং সমর্থকরা মুকসুদপুর হাসপাতালে নূর ইসলামের ওপর হামলা চালায়, এতে নূর ইসলাম আহত হন। পরে নূর ইসলামের সমর্থকরা আনোয়ার মুন্সীর বাড়িতে ঢুকে হামলা চালান। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত নিলু মুন্সীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান আল মামুন বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে, তবে নিয়ন্ত্রণে রয়েছে।