Advertisement

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
ঝালকাঠিতে বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি। ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদণ্ডা এলাকার মেসার্স শুকতারা ব্রিকস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ফাহিম খান (২০) উপজেলার পূর্ব গোদণ্ডা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মো. ফরিদ খানের ছেলে।

পুলিশ জানায়, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফাহিম খানকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, নলছিটিতে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় :ঝালকাঠি