logo

‘ভাতের জন্য জীবন যেতে পারে না’, আজমুল হত্যার বিচার চেয়ে সড়কে শিক্ষার্থীরা

‘ভাতের জন্য জীবন যেতে পারে না’, আজমুল হত্যার বিচার চেয়ে সড়কে শিক্ষার্থীরা
সোনাডাঙ্গা ট্রাফিক মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : এশিয়া পোস্ট

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে মারধরের পর ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খুঁজে বের করার দাবি জানান।

সোমবার (২১ সেপ্টেম্বর) নগরীর সোনাডাঙ্গা প্রধান সড়কে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। সোনাডাঙ্গা ট্রাফিক মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। সড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে দেওয়ায় ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, এক প্লেট ভাত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজমুলকে মারধর, চুল কেটে দেওয়া এবং একপর্যায়ে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানান।

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবু জায়েদ বলেন, আমাদের জুনিয়র ইংরেজি বিভাগের আজমুলকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। বলা হচ্ছে, একটি খাবার অনুমতি না নিয়ে খাওয়া হয়েছিল। আমাদের কি ভাতের এত অভাব যে একটি খাবার খেয়ে ফেলা হয়েছে? এরপর বলা হচ্ছে, তার মা-বাবার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। একটি খাবারের দাম কি এক লাখ টাকা হতে পারে?

তিনি বলেন, কথার খাতিরে যদি মেনেও নিই যে সে চুরি করেছে, তাহলেও মৃত্যুদণ্ড কোনো চুরির শাস্তি হতে পারে না। প্রশাসনের পক্ষ থেকে মাত্র চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তাদের পূর্ণ পরিচয় কেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না, সেই জবাব আমরা চাই। সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি আরও কঠোর হবে।

একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিন্ধ বলেন, একজন শিক্ষার্থী অন্যের খাবার চুরি করে খাওয়ার কারণে তাকে মারধর করা হয়েছে এবং ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে—এটাই মূল কারণ হতে পারে না। নিঃসন্দেহে এর পেছনে অন্য কোনো কারণ আছে। তিনি প্রশ্ন তুলে বলেন, বাবা-মায়ের টাকা দিয়ে পড়াশোনা করা একজন শিক্ষার্থীর ভাত খাওয়ার টাকা থাকবে না, এমনটি কীভাবে সম্ভব?

শিক্ষার্থী হানজালা বলেন, এক বেলার খাবার চুরি করে সে খাবে, এটা কোনোভাবেই যুক্তিসংগত নয়। এর কারণে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া, মাথার চুল কেটে শারীরিক ও মানসিক নির্যাতন করা এবং পরে হত্যা করা হয়েছে। তাকে অনেক সময় ধরে পেটানো হয়েছে। আমরা এসব ঘটনার সামগ্রিক বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী সাফুরা রহমান লিলি বলেন, সে আদৌ ছাদ থেকে লাফ দিয়েছিল কি না, সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। তার চুল কেন কাটা হলো? এটি অবশ্যই নিপীড়নের অংশ। এক প্লেট ভাতের জন্য তার চুল, মানসম্মান এবং সর্বোপরি জীবন কখনোই যেতে পারে না।

নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাজিত হাসান সৈকত সংহতি জানিয়ে বলেন, তিন দিন হয়ে গেলেও এখনও আমরা আসামিদের গ্রেপ্তারের খবর পাইনি। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছে, সে আমাদের ভাই। আমরা ঘটনার সঠিক বিচার চাই।

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল বলেন, ঘটনা অনেকটা খোলাসা হয়ে গেছে। তাকে ভাত চুরির অভিযোগে, মিথ্যা ও তুচ্ছ অভিযোগে বেধড়ক প্রহার করা হয়। এরপর তাকে ছাদে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে—এটাই বাস্তবতা। এখানে যারা সংশ্লিষ্ট, এটি একজনের কাজ নয়। বহু শিক্ষার্থীর সমন্বয়ে একটি দলগতভাবে তাকে মারা হয়েছে। আমরা তার কিছু চুল পড়ে থাকতে দেখেছি। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখেছি। খোলা চোখে যা দেখেছি, তাতে তাকে বেধড়ক প্রহার করা হয়েছে বলে মনে হয়েছে।’

তিনি আরও বলেন, আমরা এই অমানবিক নির্যাতন ও ছাত্র হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যকর করার জোর দাবি জানাচ্ছি। দুঃখের বিষয়, প্রায় ৬০ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মেস ব্যবস্থাপকের বক্তব্য থেকেও ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে একাধিক শিক্ষার্থীর সংশ্লিষ্টতার বিষয়ও উঠে এসেছে বলে জানান তিনি।