ইঁদুর-উইপোকায় কাটা ২ লাখ টাকা প্রবাসীর সহায়তায় ফেরত পেলেন কৃষক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইঁদুর ও উইপোকায় কৃষক তোফাজ্জল হোসেনের সঞ্চিত টাকা নষ্ট হওয়ার সংবাদ এশিয়া পোস্টসহ বিভিন্ন টিভি ও পত্রিকায় প্রকাশের পর ক্ষতিগ্রস্ত এই কৃষককে আর্থিক সহায়তা দিয়েছেন সৌদি প্রবাসী আলহাজ মিজানুর রহমান সুমন।
বুধবার বিকেলে দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে প্রান্তিক কৃষক তোফাজ্জল হোসেনের নিজ বাড়িতে গিয়ে তার হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেন প্রবাসী মিজানুর রহমানের ছোট ভাই হাবিবুর রহমান জনি।
জানা যায়, গত ৯ আগস্ট রোববার সকালে জমি বন্ধক নেওয়ার জন্য জমানো টাকা বের করতে গিয়ে তোফাজ্জল হোসেন দেখতে পান, টাকার বান্ডিল ইঁদুর ও উইপোকা কেটে টুকরো টুকরো করে ফেলেছে। চোখের সামনে জমানো টাকা নষ্ট হতে দেখে এই দিনমজুর কৃষক কান্নায় ভেঙে পড়েন। পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রচারিত হলে তা সৌদি প্রবাসী আলহাজ মিজানুর রহমান সুমনের দৃষ্টিগোচর হয়। কৃষক পরিবারের এই অসহায়ত্বের কথা জানতে পেরে তিনি অবিলম্বে সহায়তা দেওয়ার জন্য তার ছোট ভাইকে ওই কৃষকের বাড়িতে পাঠান।
এ বিষয়ে প্রবাসীর ছোট ভাই হাবিবুর রহমান জনি বলেন, তোফাজ্জল হোসেনের কষ্টের সঞ্চিত টাকা ইঁদুর ও উইপোকায় কেটে নষ্ট করার খবরটি সংবাদমাধ্যমে দেখে আমার বড় ভাই অত্যন্ত ব্যথিত হন। তিনি সৌদিতে ব্যবসা করেন এবং নিয়মিত অসহায় মানুষকে সহায়তা করে থাকেন। ভাইয়ের নির্দেশ পেয়েই আমি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী গ্রামে এসে কৃষক তোফাজ্জল হোসেনের হাতে ভাইয়ের পক্ষ থেকে নগদ ২ লাখ টাকা তুলে দিই।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত কৃষক তোফাজ্জল হোসেন বলেন, আমি ঢাকায় রিকশা চালিয়ে এবং আমার স্ত্রী মানুষের বাড়িতে রান্নার কাজ করে খুব কষ্ট করে এই ২ লাখ টাকা জমিয়েছিলাম। বাড়িতে এসে টাকাগুলো বাক্সের ভেতরে রেখেছিলাম, কিন্তু ইঁদুর ও উইপোকা সব কেটে শেষ করে দেয়। টাকা নষ্ট হওয়ার পর কীভাবে চলব, সেই চিন্তায় দিন কাটছিল।
তিনি আরও বলেন, আমাদের এই দুর্দশার খবর বিভিন্ন টিভি, পত্রিকা ও অনলাইনে প্রচারের পর মিজানুর রহমান সুমন ভাইয়ের নজরে আসে। পরে তার ছোট ভাই এসে আমার হাতে ২ লাখ টাকা তুলে দিলেন। এই সহায়তা পেয়ে আমার সব চিন্তা দূর হয়েছে, আমি খুব খুশি। মহান আল্লাহ তায়ালা মিজানুর রহমান ভাইকে দীর্ঘায়ু দান করুন। এখন এই টাকা দিয়ে জীবনসংগ্রাম চালিয়ে যেতে পারব।



