দিনাজপুরে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু
ছবি : সংগৃহীত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পরমেনোশ হেমব্রোম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী সেলিনা কিসকো (৪৫) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শুক্রবার (১০ জুলাই) দিনাজপুর শহরের টার্মিনাল রোডে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরমেনোশ হেমব্রোম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দল্লা মিশনপাড়া গ্রামের মৃত সময় হেমব্রোমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরমেনোশ হেমব্রোম মোটরসাইকেলে স্ত্রী সেলিনা কিসকোকে নিয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মির্জাপুর টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে একই দিকে যাওয়া একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এতে পরমেনোশ হেমব্রোম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আহত নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত এবং এর চালককে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।

বিষয় :দিনাজপুর