নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উত্তর লালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে এবং রওজাতুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী। আহতরা হলো একই গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান হোসেন ও বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি ইসলাম।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে গোপালপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও লালপুর ফায়ার সার্ভিস সদস্যরা আহত ইমরান ও মনিকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


