logo

চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়ল চোর, অতঃপর...

চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়ল চোর, অতঃপর...

কুমিল্লার দাউদকান্দিতে চুরি করতে গিয়ে খাটের নিচে লুকিয়ে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ে এক চোর। ভোরে ঘরের মালিক নামাজের জন্য উঠে খাটের বাইরে একটি হাত দেখতে পেয়ে বিষয়টি টের পান। পরে স্থানীয়দের সহায়তায় ওই চোরকে আটক করা হয়।

গত শনিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার গৌরিপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামের বারেক কন্ট্রাক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে চুরির উদ্দেশ্যে দোতলা ভবনের রান্নাঘরের এক্সস্ট ফ্যান কেটে ভেতরে প্রবেশ করেন মো. সোহেল নামের এক ব্যক্তি। তবে ঘরে ঢুকে তিনি বুঝতে পারেন, বাসার লোকজন তখনও পুরোপুরি ঘুমিয়ে পড়েনি। এ অবস্থায় ধরা পড়ার ভয়ে খাটের নিচে লুকিয়ে থাকেন। একপর্যায়ে সেখানে লুকিয়ে থাকতে থাকতে তিনি ঘুমিয়ে পড়েন।

ভোরে ফজরের নামাজ পড়তে উঠে ঘরের এক নারী খাটের বাইরে একটি হাত দেখতে পান। সন্দেহ হলে খাটের নিচে তাকিয়ে দেখেন, একজন ব্যক্তি ঘুমিয়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চোরকে বের করে আটক করে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় খাটের নিচে ঘুমিয়ে থাকা ব্যক্তিকে ডেকে তোলার চেষ্টা করছেন উপস্থিত লোকজন। পরে তাকে ঘর থেকে বের করে বেঁধে রাখা হয়।

স্থানীয়রা জানান, আটক ব্যক্তি পাশের মুরাদনগর উপজেলার বাসিন্দা এবং দাউদকান্দির একটি এলাকায় ভাড়া থাকেন। তিনি এর আগেও চুরির ঘটনায় ধরা পড়েছিলেন। তিনি মাদকাসক্ত বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় চুরি করতে এসে ঘুমিয়ে পড়েন তিনি।

গৌরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য রকিব উদ্দিন বলেন, চোর নিজেই স্বীকার করেছেন যে সে নেশা করে এসেছিলেন। এ কারণে খাটের নিচেই ঘুমিয়ে পড়েন। তাকে জাগাতে বেশ কষ্ট হয়, পরে মাথায় পানি ঢেলে তাকে সজাগ করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল বারী এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।