Advertisement

বিজিবির অভিযানে ৬৫ কচ্ছপ উদ্ধার, সালদা নদীতে অবমুক্ত

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
বিজিবির অভিযানে ৬৫ কচ্ছপ উদ্ধার, সালদা নদীতে অবমুক্ত
ছবি : এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬৫টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা কচ্ছপগুলো বন বিভাগের তত্ত্বাবধানে তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা কসবা উপজেলার সালদানদী সীমান্ত ফাঁড়ির অধীনস্থ শহীদ মিনার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে পাচারের উদ্দেশ্যে রাখা ৬৫টি কচ্ছপ উদ্ধার করা হয়, যার মধ্যে ৬১টিই ছিল ‘সন্ধি’ জাতের কচ্ছপ। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় বন্যপ্রাণী পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি বজায় রয়েছে। উদ্ধার করা কচ্ছপগুলো দুপুরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সালদা নদীতে অবমুক্ত করা হয়, যাতে সেগুলো স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে।

সীমান্ত দিয়ে বন্যপ্রাণী পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।