জাল সনদে চাকরি, মাদ্রাসার প্রধানসহ ২ শিক্ষকের এমপিও বাতিল

পিরোজপুরের ইন্দুরকানির জিয়ানগর উপজেলার বাটাজোড় আলিম মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে জাল নিবন্ধন সনদ ও ভুয়া সুপারিশপত্রের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের এমপিও বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাটাজোড় আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুস সাকিব এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন বাটাজোড় আলিম মাদ্রাসার ইবতেদায়ি প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান এবং ইবতেদায়ি শিক্ষক মো. মাসুম বিল্লাহ।
এর আগে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে গত ৩০ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে তাঁদের ইনডেক্স নম্বর কর্তন এবং ফৌজদারি মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সরবরাহকৃত তথ্য যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট দুই শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী গঠিত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তাঁদের এমপিও বাতিল এবং ইনডেক্স নম্বর কর্তন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে, অভিযুক্ত শিক্ষকেরা এ পর্যন্ত যে বেতন-ভাতাসহ সরকারি অর্থ উত্তোলন করেছেন, তা দ্রুত সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা দায়ের করে প্রয়োজনীয় প্রমাণসহ অধিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে।
বাটাজোড় আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুস সাকিব বলেন, দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। সরকারি নির্দেশনা ও চিঠির নিয়ম অনুযায়ী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





