logo

ঈদে ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

ঈদে ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আনা-নেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতির স্বাক্ষরিত এক পত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক–এর জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।

তিনি বলেন, ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হবে। তবে এ সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে কিছু পণ্য লোড–আনলোড ও পরিবহন কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট–এর উপপরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম জানান, পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও মহদীপুর–সোনামসজিদ রুটে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ও কাস্টমস প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে।