logo

এক্সপ্রেসওয়েতে এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

এক্সপ্রেসওয়েতে এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : এশিয়া পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা মো. শামিম (৩০)। তিনি মাছবাহী ট্রাকটির চালক ছিলেন। অপর নিহত হেলপারের বয়স আনুমানিক ২৮ বছর হলেও তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারাবোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান বলেন, মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় রাখা হয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার পুলিয়া ফ্লাইওভারের ওপরে বড় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ছোট একটি কাভার্ডভ্যান উল্টে চালক ও সহকারী নিহত হন। এর দুদিন পর শনিবার ভোর ৪টার দিকে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে দ্রুতগতির বাসের ধাক্কায় ট্রাকের চালক ও তার বাবা নিহত হন। এ নিয়ে এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারের ভাঙা অংশে গত চার দিনে ভোর রাতে একই ধরনের দুর্ঘটনায় ছয়জনের প্রাণ গেছে।