চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখতেন পল্লী চিকিৎসক

বগুড়ায় চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখার অভিযোগে এক পল্লী চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার সূত্রাপুর এলাকায় আজাদ পাম্পের পাশে ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
মেহেদী হাসান জানান, এম কে এ সাকিদার নামের ওই ব্যক্তি একজন পল্লী চিকিৎসক। তিনি প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখে আসছিলেন। নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে তিনি রোগীদের বিভ্রান্ত করতেন।
তিনি আরও জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতাল এলাকায় থাকা দালালদের মাধ্যমে রোগীদের তার প্রতিষ্ঠানে নিয়ে আসা হতো। কয়েকজন রোগী জানিয়েছেন–সরকারি হাসপাতালের চিকিৎসক দেখানোর কথা বলে তাদের সেখানে নেওয়া হয়।