রাতে বাসে ঘুম, সকালে মিলল হেলপারের মরদেহ

নওগাঁয় একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসের ভেতর থেকে এক হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে গ্যারেজে রাখা একটি বাস থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ ইসলাম (২২) জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি ‘বিআর সুপার পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে ওই বাসে হেলপারের কাজ করতেন জাহিদ। বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকালে মেরামতের জন্য বরুণকান্দি মোড়ের কালুর গ্যারেজে আনা হয়। সেখানে ইঞ্জিনের কাজ চলছিল। সোমবার রাতে জাহিদ এবং তার সহকর্মী ইউসুফ বাসের ভেতরেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে ইউসুফ তাকে ঘুম থেকে তোলার জন্য অনেক ডাকাডাকি করলেও জাহিদের কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে বাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।