কুমিল্লা-৬ আসনে দেশীয় অস্ত্র নিয়ে যুবদল নেতার মহড়া

কুমিল্লা-৬ আসনের সিটি কর্পোরেশন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের এক পোলিং এজেন্টকে যুবদল নেতার বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করার অভিযোগ উঠেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ২৫ নম্বর ওয়ার্ডের তারপাইয়া কেন্দ্র সংলগ্ন এলাকার ঘটনা এটি। এতে করে ভোটকেন্দ্রের আশপাশে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তারপাইয়া কেন্দ্রের দাঁড়িপাল্লার এক পোলিং এজেন্টকে যুবদল নেতা হিসেবে পরিচিত হাসান বাবর বাবু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ নিয়ে ধাওয়া দেয়। এ সময় তারা কেন্দ্রের গেট ও আশপাশের এলাকায় ধারালো অস্ত্র প্রদর্শন করে মহড়া দেয়।
এতে ভোটার ও স্থানীয়দের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর কেন্দ্র এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে যুবদল নেতা হাসান বাবর বাবুর সঙ্গে যোগাযোগ করলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির ও দাঁড়িপাল্লার প্রার্থী দ্বীন মোহাম্মদ বলেন, আমাদের একজন এজেন্টকে হুমকি দিয়ে আসছে। এমন হলে তো নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার চাই।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, মাত্র শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।