কর্মস্থলে ফিরেছেন শজিমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছেন। বর্তমানে হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
দায়িত্বে অবহেলার অভিযোগে এক আনসার সদস্যকে বরখাস্ত এবং আনসার কমান্ডারসহ ২০ জনকে বদলি করার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন।
গত মঙ্গলবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। ঘটনার পর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, চিকিৎসকদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে ওই রাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে বহির্বিভাগসহ হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হয়।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের করা মামলায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তাদের মধ্যে শাখা ছাত্রদলের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে এক আনসার সদস্যকে বরখাস্ত এবং আনসার কমান্ডারসহ ২০ জনকে বদলি করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে বৈঠক হয়। তবে বৈঠকের পরও শুরুতে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন ইন্টার্ন চিকিৎসকেরা। পরে প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পর তাঁরা সাময়িকভাবে কাজে ফেরার সিদ্ধান্ত নেন।
ইন্টার্ন চিকিৎসক রিতুল মণ্ডল স্নিগ্ধ বলেন, দাবিগুলো বাস্তবায়নের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমরা সাময়িকভাবে কাজে যোগ দিয়েছি। পরিস্থিতি ঠিকঠাক থাকলে চিকিৎসাসেবা চালু থাকবে। অন্যথায় পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।



