logo

যশোর সদরের ১৫ ইউপিতে বিএনপির ১১১ মনোনয়নপ্রত্যাশী

যশোর সদরের ১৫ ইউপিতে বিএনপির ১১১ মনোনয়নপ্রত্যাশী
যশোর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা নিচ্ছেন বিএনপি নেতারা। ছবি: এশিয়া পোস্ট

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে দলের মনোনয়ন পেতে ১১১ জন নেতা আবেদন করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, যোগ্য, ত্যাগী, নির্যাতিত ও জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করতে চায় বিএনপি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেতাদের হাতে দলীয় মনোনয়ন তুলে দিতে আগ্রহী দলটি। তবে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা নেই কিংবা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন শীর্ষ নেতারা।

গত ৭ থেকে ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত যশোর জেলা বিএনপি কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন সংগ্রহ করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে ১৫টি ইউনিয়ন থেকে মোট ১১১টি আবেদন জমা পড়েছে।

দলীয় নেতারা বলছেন, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। এখানে কোনো বিভেদ, বিভাজন কিংবা অভ্যন্তরীণ কোন্দল নেই; রয়েছে কেবল নেতৃত্বের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্য থেকেই যোগ্য নেতৃত্ব বাছাই করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিতে চায় দলটি।

সদর উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, মনোনয়নপ্রত্যাশীদের রাজনৈতিক জীবনবৃত্তান্তের পাশাপাশি রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হয়েছে। এসব তথ্য পর্যালোচনা করে প্রার্থীদের রাজনৈতিক ভূমিকা ও যোগ্যতা মূল্যায়ন করা হবে।

দেয়াড়া ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশী ইদ্রিস আলী বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে রাজপথে ছিলাম। সেই জায়গা থেকেই দলের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন চেয়েছি। আমার মতো আরও অনেকেই মনোনয়ন চেয়েছেন। দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেবে। দলের সিদ্ধান্তের প্রতি আমি অবিচল থাকব। দল যাকে প্রার্থী করবে, তার হয়েই কাজ করব। দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সম্মিলিত প্রচেষ্টায় প্রার্থীকে বিজয়ী করব।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নেতাদের কাছ থেকে জীবনবৃত্তান্তসহ আবেদন চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এ কারণে প্রতিটি ইউনিয়নেই একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে বাছাই করে দলীয় মনোনয়ন দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক জীবনবৃত্তান্তের পাশাপাশি রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি সংগ্রহ করা হয়েছে।

আঞ্জুরুল হক খোকন জানান, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তবে আন্দোলনে ত্যাগ স্বীকার করলেই হবে না, প্রার্থীর গ্রহণযোগ্যতাও থাকতে হবে। কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে না। জনগণের সামান্যতম প্রতিপক্ষ হয়েছেন, এমন কাউকেও দলীয় প্রার্থী করা হবে না।

দলীয় সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের আবেদন ও রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনার মাধ্যমেই প্রার্থী বাছাইয়ের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।