স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা

নওগাঁর আত্রাই উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ৫ বছর বয়সি শিশুকন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন জয় (২৮) নামে এক যুবক।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতমের ছেলে জয় তার শয়নকক্ষে স্ত্রী ও শিশুকন্যার ওপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। স্বজন ও প্রতিবেশীদের চিৎকারে জয় একই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে তিনি প্রায়ই বাড়িতে অশান্তি করতেন। শৈশব থেকেই শাসনহীন ও বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত জয়ের আচরণে এলাকাবাসী তটস্থ থাকত। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো এবং নিয়মহীন জীবনই শেষ পর্যন্ত একটি সাজানো পরিবারকে ধ্বংস করে দিল। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্তি এবং পারিবারিক কলহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।