logo
Advertisement

‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’, চিরকুট রেখে চলে গেল চতুর্থ শ্রেণির ছাত্রী

‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’, চিরকুট রেখে চলে গেল চতুর্থ শ্রেণির ছাত্রী

শেরপুরের নালিতাবাড়ীতে ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে চিরকুট লিখে চতুর্থ শ্রেণি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রিমা আক্তার (১৪) আন্ধারুপাড়া গ্রামের মৃত রিপন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিমার বাবা ছোটবেলায় মারা যান। এরপর থেকে মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। তিন বোনের মধ্যে রিমা ছিল দ্বিতীয়। সে গ্রামের একটি ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্প্রতি রিমার বিয়ের জন্য পরিবার থেকে আলোচনা চলছিল। তবে রিমা বিয়েতে রাজি ছিল না। পরিবারের সদস্যদের দাবি, সে প্রতিবেশী এক তরুণকে পছন্দ করত। ওই তরুণকে বিয়ে করতে না পারার কারণে রিমা আত্মহত্যা করেছে বলে একটি চিরকুটে উল্লেখ পাওয়া গেছে।

মরদেহের পাশ থেকে পাওয়া চিরকুট
মরদেহের পাশ থেকে পাওয়া চিরকুট

চিরকুটে লেখা, ‘মা-তুমি আরে মাফ কইরা দিও। আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি চাইলে পালিয়ে যেতে পারতাম। কিন্তু তোমার মাথা ধরে যে আমি তোওবা কাটছি। তুমার কিছু হইলো তো আমারে কেউ ছাড়বো না, আমি মরলে কারো কিছু হয়তো না। মা-তুমি শুধু ভাবলা সম্পতির কথা, ভালো সংসার আর টাকা। কিন্তু মা-তুমি কি একবারও ভাবছিলা আমি তারে পাইলে সুখ পাবো। হাজারো দুঃখ-কষ্টে থাকলেও আমি শান্তি পাইতাম। কারণ তারে যে আমি ভালোবাসি। তারে ছাড়া যদি তুমরা অন্য কারো সাথে বিয়ে দিতা, সত্যি কইতাছি মরার মতো বাঁচতাম। আমারে মাফ কইরা দিও। এখানে কারো দোষ নাই। তাও যদি তুমরা তারে অপরাধী হিসাবে দোষ দেও তাইলে আমি মইরা গেলেও শান্তি পাইতাম না। ইতি, তোমার কপাল পোড়া রিমা।’

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে রিমার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।