ব্রহ্মপুত্র নদে ব্র্যাক কর্মীদের পৌনে আট লাখ টাকা ডাকাতি

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
ব্রহ্মপুত্র নদে ব্র্যাক কর্মীদের পৌনে আট লাখ টাকা ডাকাতি
ডাকাতির শিকার ব্র্যাকের দুই কর্মী। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে অস্ত্রের মুখে ব্র্যাকের দুই কর্মীকে জিম্মি করে পৌনে আট লাখ টাকা লুট করে নিয়েছে ডাকাত দল।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদ পরিবেষ্টিত কাবিলের চর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলছড়ির কাবিলের চর থেকে ব্র্যাকের দুজন মাঠকর্মী গ্রাহকদের সঞ্চয় ও ঋণের আদায়কৃত ৭ লাখ ৭৯ হাজার ৮০ টাকা নিয়ে নৌকাযোগে কালির বাজার শাখায় ফিরছিলেন। নৌকাটি কাবিলের চর এলাকা অতিক্রম করার সময় একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে একদল সশস্ত্র ডাকাত তাদের গতিরোধ করে।

ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি করে ফেলে এবং তাদের কাছে থাকা ব্যাগভর্তি টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশাররফ হোসেন বলেন, আমাদের কর্মীরা চরাঞ্চলে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির টাকা আদায় করে শাখায় ফিরছিলেন। ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ৭ লাখ ৭৯ হাজার ৮০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, ঘটনাটি জানার পর পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। লিখিত অভিযোগ বা মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। লুটের টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।