Advertisement

ছেলেরা সপরিবারে প্রবাসে, নিজ ঘরে মিলল বৃদ্ধের গলিত লাশ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
ছেলেরা সপরিবারে প্রবাসে, নিজ ঘরে মিলল বৃদ্ধের গলিত লাশ
আবদুর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিজ বসতঘর থেকে আব্দুর রহমান প্রকাশ দানু মিঞা (৬৫) নামের এক প্রবাসফেরত বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান একই এলাকার মৃত কালা মিঞার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান পরিবারসহ দীর্ঘ প্রায় ৪০ বছর দুবাইয়ে ছিলেন। প্রায় ৯ মাস আগে দ্বিতীয় ছেলেকে বিয়ে করানোর উদ্দেশ্যে তিনি দেশে ফেরেন। পরিবারের অন্য সদস্যরা প্রবাসে থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। গত শুক্রবার তাকে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে দেখেন প্রতিবেশীরা। এরপর গত দুই-তিন দিন তাকে এলাকায় বা রাস্তাঘাটে দেখা না দেওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের।

সোমবার পচা দুর্গন্ধ পেয়ে ঘরে গিয়ে স্বজন ও প্রতিবেশীরা আব্দুর রহমানের গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।