logo

মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৩৪

মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৩৪
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : পুলিশের সৌজন্যে

নীলফামারীতে মাদক মামলার এক আসামিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ডিমলা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার সুজন ইসলামকে আদালতে পাঠানোর জন্য জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে নেওয়া হচ্ছিল। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে একদল ব্যক্তি পুলিশের গাড়ির পথরোধ করেন।

পুলিশের দাবি, ওই ব্যক্তিরা সুজন ইসলামকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে বাধা দেন। এতে পুলিশ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর ২০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নীলফামারী সদর থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়। পরে রোববার রাত ১টা ৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আবু সাঈদ (৩০), শফিকুল ইসলাম ওরফে লেবু (৪৫), নুরুজ্জামান (৫০), আফজাল হোসেন (৪৫), সাইফুল ইসলাম (৩২), হৃদয় ইসলাম (২২), সাকিরা (২০), মিরাজ ইসলাম (১৮), মিলন ইসলাম (১৯), আরিফুল ইসলাম (১৯), সাগর দেবনাথ (২২), নাঈম ইসলাম (১৯), মশিউর আলম (৩৬), নাইমুল ইসলাম (২২), সামিনুর ইসলাম (৪৫), আব্দুস সালাম (২৫), মঞ্জুয়ারা বেগম (৪০), লিপন ইসলাম (১৯), মিম হোসেন (২০), শুভ ইসলাম (১৯), আশিকুল ইসলাম (৩৫), গুলজার রহমান (৪৫), শহিদুল ইসলাম (৪৫), আলাউদ্দিন (৫০), মাহফুজার রহমান (১৯), সোহেল (২১), আনোয়ার হোসেন (১৯), ইসলাম (৬৫), সাগর রহমান (২৩), কবিরুল ইসলাম (২৫), মহিকুল ইসলাম (২৫), নুরবান (৫০), দুলালী বেগম (৩৫) এবং রিমু (৩৫)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৩৪ জনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।