logo

চট্টগ্রামে আড়ংয়ের সামনে মিলবে বিনামূল্যে ব্যাগ

চট্টগ্রামে আড়ংয়ের সামনে মিলবে বিনামূল্যে ব্যাগ

শপিং ব্যাগের জন্য আলাদা মূল্য নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে আড়ংয়ের বিরুদ্ধে ক্ষোভের মধ্যে চট্টগ্রামে ব্যতিক্রমী এক প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে একটি ইংরেজি মাধ্যম স্কুল। পবিত্র ঈদুল ফিতরের চাঁদ রাতে আড়ংয়ের চট্টগ্রাম বড়পুল আউটলেটের সামনে ক্রেতাদের মাঝে বিনামূল্যে শপিং ব্যাগ বিতরণ করবে ‘লিটল বিজ ইংলিশ স্কুল’।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ রক্ষার কথা বলে আড়ং প্রতিটি শপিং ব্যাগের জন্য ১৫ টাকা করে চার্জ করায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এর প্রতিবাদ জানাতেই তারা এই উদ্যোগ নিয়েছে।

স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম বলেন, ‘আড়ং একদিকে বলছে পরিবেশ রক্ষায় ব্যাগ দিচ্ছে না, আবার অন্যদিকে সেই একই ব্যাগ ১৫ টাকায় বিক্রি করছে। বিষয়টি অতি মুনাফালোভী মানসিকতার পরিচয় দেয়।’

তিনি জানান, চাঁদ রাতে ইফতারের পর থেকে রাত ১২টা পর্যন্ত আড়ংয়ের বড়পুল আউটলেটের সামনে অবস্থান করে ক্রেতাদের মধ্যে বিনামূল্যে ব্যাগ বিতরণ করা হবে। ইতোমধ্যে এ জন্য বিপুল পরিমাণ ব্যাগ প্রস্তুত করা হয়েছে, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

তৌহিদুল ইসলাম চট্টগ্রামের পরিচিত একজন ব্যক্তি। তিনি ২৭তম বিসিএসের একজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ২০০৭ সালের ওয়ান-ইলেভেন সরকারের সময় তার নিয়োগ বাতিল হলে তিনি দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যান। পরে ২০২৫ সালে আদালতের রায়ে পুনরায় নিয়োগ পান। তবে কিছুদিন দায়িত্ব পালনের পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

এছাড়া করোনা মহামারির সময় চট্টগ্রামে বন্ধুদের নিয়ে বেসরকারিভাবে আইসোলেশন সেন্টার স্থাপন ও বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার মাধ্যমে তিনি প্রশংসা অর্জন করেন।