সড়ক দুর্ঘটনায় গেল নারীর প্রাণ, হাসপাতালে স্বামী ও শিশুসন্তান

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে ট্রাকচাপায় পিষ্ট হয়ে বিথী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তার স্বামী জাহিদুল ইসলাম ও তিন বছর বয়সি ছেলে আব্দুর রহমান।
শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিথী আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার বাসিন্দা। তার স্বামী জাহিদুল ইসলাম ব্যাটারিচালিত ভ্যানচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর বয়সি সন্তান আব্দুর রহমানের কানের চিকিৎসার পরামর্শ নিতে জন্য স্বামী-স্ত্রী নিজেদের ভ্যানে করে নীলফামারীর ডোমার উপজেলায় একটি বাজারে যান। বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। তারা দেবীগঞ্জ উপজেলার ফার্মগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের লাইটের আলোয় নিয়ন্ত্রণ হারায় ভ্যান। এতে নির্মাণকাজের জন্য মহাসড়কের ওপর রাখা একটি বালুর ঢিবিতে ধাক্কা খায় ভ্যানটি। ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়ে যান বিথী। ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা বিথীর স্বামী ও শিশুসন্তানকে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন জরুরি বিভাগের চিকিৎসক।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মারুফ এন্ড আবিদ পরিবহন নামে ট্রাকটি আটক করেন স্থানীয়রা। চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
