গাজীপুরে আগুনে পুড়ল ৪৫টি কক্ষ

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক দলিল লেখকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার আগুনে বাড়িটির ৪৫টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় দলিল লেখক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আধা পাকা বাড়িতে আগুন লাগে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। এর মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনে বাড়িটির ভাড়া দেওয়া ৪৫টি কক্ষ ও সেসব কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু সায়েম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে বাড়িটির সড়কটি প্রশস্ত না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানো এবং আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে।


