বাসের ধাক্কায় পদ্মা সেতুর রেলিং ক্ষতিগ্রস্ত, মেরামতে খরচ হবে ২ লাখ টাকা

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত রেলিং মেরামতে ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে। এতে ব্যয় হবে দেড় থেকে দুই লাখ টাকা। তবে সেতুর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
গতকাল সোমবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে বাসের ধাক্কায় পদ্মা সেতুর প্রায় ৫০ মিটার রেলিং ক্ষতিগ্রস্ত হয়। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, দুর্ঘটনার সময় বাসটি সেতুর পূর্ব ও পশ্চিম পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে পশ্চিম পাশের রেলিংয়ে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে পূর্ব পাশের রেলিংয়ের ব্যারিয়ারের ওপরের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মেরামতে দেড় থেকে দুই লাখ টাকা ব্যয় হতে পারে।
তিনি আরও বলেন, সেতুর সড়কে কিছু দাগ পড়েছে। তবে সেগুলো গুরুতর নয়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বাসের যাত্রী ও সেতুর অবকাঠামো রক্ষা পেয়েছে।
এদিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে এখন কেউ ভর্তি নেই।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শংকর পাল বলেন, বাস দুর্ঘটনার পর যাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল, তারা সবাই চিকিৎসা নিয়ে চলে গেছেন।
গতকাল সোমবার দুপুর সোয়া একটার দিকে নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢাল দিয়ে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি ঢালের দুই পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়।
এতে রেলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।



