logo

৩ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

৩ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের ৯টি ইউনেটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি পোশাক কারখানায় লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনেটের চেষ্টায় শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল ৩টার দিকে মেট্রিক্স গার্মেন্টস কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডান স্টেশনের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে সৃষ্ট ধোঁয়ায় ৬৯ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, শনিবার বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।