Advertisement

রাজবাড়ীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
রাজবাড়ীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার হওয়া আসাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আসাদুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির হাত-পা বাঁধা ছিল। তাকে হত্যার করে আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেতে মরদেহটি উদ্ধার করা হয়।

আসাদুল ইসলাম নিখোঁজ হয় জানিয়ে রোববার রাত ১০টার দিকে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।

আসাদুল ইসলাম কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের জানান, আসাদুল ইসলাম জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আসাদুল ইসলামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে থানায় জানানো হয়। সোমবার সকালে স্থানীয়রা পাটক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা মোতালেব মন্ডল বলেন, সকালে আমরা বেগুন তুলতে মাঠে গেলে একটি মরদেহ দেখতে পাই। কাছে গিয়ে দেখি হাত-পা বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে।

মদাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান তুরান বলেন, কয়েকজন কৃষক আমাকে এসে একটি মরদেহ দেখতে পাওয়ার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহটির হাত-পা বাঁধা এবং শরীরে আগুন দেওয়া হয়েছে।

জেলার সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, পাটক্ষেত থেকে নিখোঁজ আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।